বিজিবি ও যৌথ বাহিনীর টহল জোরদার, স্বাভাবিক হয়ে ফিরেছে গোপালগঞ্জ

সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন এবং যৌথ বাহিনীর নিরাপত্তা টহল জোরদারের ফলে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সোমবার সকাল থেকে জেলার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও দোকানপাট খুলেছে। ঢাকা-খুলনা মহাসড়কসহ জেলা শহরের বিভিন্ন সড়কে যান চলাচলও স্বাভাবিক হয়ে এসেছে।
নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিজিবির ১০ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছে।
এ ছাড়া সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনার জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানে সাঁজোয়া যান (এপিসি) মোতায়েন করা হয়েছে।
মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণের জন্য মোতায়েন করা বিজিবি সদস্যদের শরীরে বডি ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোনসহ বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে মাঠপর্যায়ের ভিডিও সংগ্রহ ও পর্যবেক্ষণ করা হচ্ছে।
সোমবার সকালে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি আরও জানান, যেকোনো অপ্রীতিকর পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল মাঠপর্যায়ের কার্যক্রম ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
এর আগে রোববার দিনভর গোপালগঞ্জে সহিংসতার বিভিন্ন ঘটনা ঘটে। আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অগ্নিসংযোগ, বিএনপি নেতাদের বাড়িঘরে ভাঙচুর এবং গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার অভিযোগ ওঠে।
লিখেছেন
Md Tanvir Ahmed
Md Tanvir Ahmed নিউজ ট্রায়ালের হয়ে দ্রুত, নিরপেক্ষ আর তথ্যনির্ভর সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ খবরগুলো তুলে ধরেন। গোটা বিশ্ব, সেকেন্ডেই।



